রামগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- পোষ্ট টাইম : 2026-08-06 17:46:03
- 2846 বার পঠিত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
মোঃ আব্দুর রহিম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোজাম্মেল হক মজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আতিকুর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। সরকার শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।"
বিশেষ অতিথি মোজাম্মেল হক মজু বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব ও মতামত তুলে ধরেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ, নিয়মিত উপস্থিতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রাণবন্ত ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
