যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- পোষ্ট টাইম : 2026-05-02 18:23:44
- 10769 বার পঠিত
যশোরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিরিজ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল চালিয়ে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি বলেন, খাল পুনঃখনন দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। সরকারের উদ্যোগে চলমান এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে বহু এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার অন্তত ১৭টি গ্রাম জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে। পাশাপাশি খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ায় কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন কাজ পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।
