কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ভয়াবহ ও নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে
- পোষ্ট টাইম : 2026-03-05 00:45:48
- 29812 বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ভয়াবহ ও নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে একই বিভাগের এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস কক্ষেই এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা হঠাৎ চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার অফিস কক্ষ থেকে চিৎকার শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে তারা আসমা সাদিয়ার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
অন্যদিকে, ওই কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ ফজলু। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় ফজলুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
