যশোরে পারিবারিক বিরোধে শাশুড়ি খুন, পুত্রবধূ আটক
- পোষ্ট টাইম : 2026-04-23 13:35:49
- 14557 বার পঠিত
যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে হত্যার ঘটনায় তার পুত্রবধূকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, নিহত নারী সকিনা বেগম (৬০) স্থানীয় বাসিন্দা লাল চাঁদ খলিফার স্ত্রী। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে পুত্রবধূ মরিয়ম বেগম (২০) কে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বিষয়টি সাংবাদিকদের জানান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সকালে নিহতের ছেলে শহিদুল ইসলাম কর্মস্থলে যাওয়ার আগে স্ত্রীর কাছ থেকে জানতে পারেন যে বাসায় রান্না হয়নি। একই সঙ্গে তার মা বাড়িতে নেই বলেও জানানো হয়। দিনভর মায়ের খোঁজ না পেয়ে রাতে ফিরে আবারও খোঁজ নিলে একই তথ্য দেওয়া হয়। এতে সন্দেহের সৃষ্টি হলে তিনি থানায় একটি অভিযোগ করেন।
এর কিছু সময় পর গভীর রাতে বাড়ির সামনে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান শহিদুল। পরে তিনি ও পরিবারের অন্য সদস্যরা মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। তদন্তের এক পর্যায়ে মরিয়ম বেগমের আচরণ অসঙ্গত মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে ক্ষোভের বশে তিনি হত্যাকাণ্ড ঘটান। পরে মরদেহ গোপন করার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
